শিরোনাম

সাতক্ষীরা, ৩০ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার দেবহাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১শ’ কেজি জেলি পুশকৃত চিংড়ী জব্দ করা হয়েছে। এ সময় ৩ ব্যবসায়ীকে ৯হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ চিংড়ী মাছ গুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলার পারুলিয়া মৎস্য সেটে এ অভিযান পরিচালিত হয়।
দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাস বাসস’কে জানান, দেবহাটা উপজেলার পারুলিয়া মৎস্য আড়তে দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী চিংড়ীতে মানব দেহের জন্য ক্ষতিকর জেলি পুশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়।
এ সময় সেখানকার ৩ ব্যবসায়ীর কাছ থেকে ১শ’ কেজি জেলিপুশকৃত চিংড়ী মাছ জব্দ করা হয়। একই সাথে ব্যবসায়ী সুজয় মণ্ডলকে ৫হাজার টাকা, সুমন ট্রেডার্সকে ২হাজার টাকা ও আল কাইয়ুম ফিসকে ২হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ চিংড়ী গুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।
অভিযানে আরো উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম, খুলনা এফআইকিউসি ইনস্পেক্টর আলমগীর হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাসসহ পুলিশ ও বিজিবি সদস্যরা।
উপজেলা মৎস্য কর্মকর্তা আরো জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।