শিরোনাম

শরীয়তপুর, ৩০ জুলাই, ২০২৬ (বাসস) : শরীয়তপুরে বর্ণাঢ্য আয়োজন ও বিপুল উৎসাহ উদ্দীপনায় দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাছরাঙা টেলিভিশনের আজ ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার শরীয়তপুর সরকারি কলেজ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
মাছরাঙা টেলিভিশনের শরীয়তপুর জেলা সংবাদদাতা মো. কবির উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক।
বিশেষ অতিথি ছিলেন-উপাধ্যক্ষ এনামুল হক হাওলাদার, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রদ্যুত কুমার, শরীয়তপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল আমিন রবিন।
অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকটনিক্স মিডিয়ার সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত থেকে মাছরাঙা টেলিভিশনের দীর্ঘ পথচলার সাফল্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রশংসা করেন।
বক্তারা বলেন, প্রতিষ্ঠার ১৫ বছরে মাছরাঙা টেলিভিশন নিরপেক্ষ, দায়িত্বশীল ও মানসম্মত সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করেছে।
আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে মাছরাঙা টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাই চ্যানেলটির আগামীর পথচলা আরও সফল ও সমৃদ্ধ হোক এ প্রত্যাশা ব্যক্ত করেন।
এরআগে এসডিএস একাডেমিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় চারটি বিভাগে মোট ৩৫জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেন। চিত্রাঙ্কন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।