শিরোনাম

বাগেরহাট, ৩০ জুলাই, ২০২৬ (বাসস): জেলার কচুয়া উপজেলায় খাল পুনঃখনন ও ভূমি সেবা কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেছেন খুলনার বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন।
গতকাল বুধবার পরিদর্শনের অংশ হিসেবে তিনি উপজেলার মঘিয়া ইউনিয়নের কাঁঠালিয়া খাল পুনঃখনন কাজ প্রত্যক্ষ করেন এবং কচুয়া উপজেলা ভূমি অফিস ও রাড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।
এসময় তিনি পুনঃখনন কাজের অগ্রগতি ও গুণগত মান পর্যালোচনা করে বলেন, ‘কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় খাল পুনঃখনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজের ক্ষেত্রে সর্বোচ্চ মান নিশ্চিত করতে হবে, যাতে স্থানীয় জনগণ দীর্ঘমেয়াদে এর সুফল ভোগ করতে পারেন।’
পরে তিনি কচুয়া উপজেলা ভূমি অফিস এবং রাড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি দাপ্তরিক নথিপত্র, নামজারি কার্যক্রম, ভূমি রেকর্ড সংরক্ষণ এবং সেবাদান প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বিভাগীয় কমিশনার বলেন, ‘ভূমি সেবা গ্রহণে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন। স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুততার সঙ্গে আধুনিক এবং জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।’
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাশ, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার, খুলনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাগেরহাট জেলা প্রশাসন ও কচুয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।