বাসস
  ২৯ জুলাই ২০২৬, ২২:০৬

ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী বেকার যুবকদের নিয়ে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

ছবি : বাসস

ঠাকুরগাঁও, ২৯  জুলাই, ২০২৬ (বাসস): সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে ১৬ সপ্তাহব্যাপী গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)।

আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মাছখুড়িয়া উচ্চ বিদ্যালয়ের আইসিটি কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতায় পরিচালিত এই প্রশিক্ষণের মাধ্যমে সীমান্ত এলাকার তরুণ-তরুণীদের তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান।

এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মো. খোদাদাদ হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তি খাত তরুণদের জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে। দক্ষতা অর্জনের মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিংয়ের মতো পেশায় যুক্ত হয়ে তরুণরা শুধু নিজেদের কর্মসংস্থানই সৃষ্টি করবে না, বরং দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

সভাপতির বক্তব্যে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেও বিজিবি কাজ করে যাচ্ছে। শিক্ষিত বেকার যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

সীমান্তবর্তী দরিদ্র, শিক্ষিত ও বেকার যুবক-যুবতীদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে বিজিবির এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

১৬ সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে কম্পিউটার পরিচিতি, কম্পিউটার পরিচালনা, ইন্টারনেট ব্যবহার, অফিস অ্যাপ্লিকেশন (ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট), গ্রাফিক্স ডিজাইন এবং ফ্রিল্যান্সিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।