শিরোনাম

ঠাকুরগাঁও, ২৯ জুলাই, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রীর ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জিয়া পরিষদ, বিএসএফআইসি’র উদ্যোগে ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডের বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি জামরুল গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করা হয়।
গতকাল মঙ্গলবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির। জিয়া পরিষদ বিএসএফআইসি’র সভাপতি ও ঠাকুরগাঁও সুগার মিলের মহাব্যবস্থাপক (কৃষি) আবু রায়হানের তত্বাবধানে বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জিয়া পরিষদ বিএসএফআইসি’র সহ-সভাপতি ব্যবস্থাপক (উৎপাদন) হাসানুজ্জামান, সদস্য কৃষি প্রকৌশলী ব্যবস্থাপক (পরিবহন প্রকৌশল) হাসনাত হাবিব, সদস্য সহ-ব্যবস্থাপক (হিসাব) আব্দুল্লাহ আল মামুন খান ও ঠাকুরগাঁও শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান রতনসহ ঠাকুরগাঁও সুগার মিলের সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক ও আঁখ চাষী নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৃক্ষরোপণ কর্মসূচি, যা এ দেশের পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন নিশ্চিত করবে। ফলদ, বনজ ও ঔষধি গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি বায়ুদূষণ কমাতে, কার্বন ডাই-অক্সাইড শোষণ করতে, তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং ভূমিক্ষয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপত্তা দেয়ার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।
জিয়া পরিষদ বিএসএফআইসি’র সভাপতি ও ঠাকুরগাঁও সুগার মিলের মহাব্যবস্থাপক (কৃষি) আবু রায়হান বলেন, দেশনায়ক তারেক জিয়ার ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অধীনে আমরা ৫ বছরে ৫ হাজার বৃক্ষরোপণ করবো ঠাকুরগাঁও সুগার মিল এলাকায়। তার মধ্যে এ বছরই ১ হাজার বৃক্ষরোপণ করা হবে যার শুরু আজ হলো।