বাসস
  ২৮ জুলাই ২০২৬, ১৯:৪২

সুনামগঞ্জের দিরাই পৌরসভার বাজেট ঘোষণা

ছবি : বাসস

সুনামগঞ্জ, ২৮ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার দিরাই পৌরসভায় ১৫ কোটি ৪ লাখ ৯০ হাজার ৮১৯ টাকা ৩৭ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে অবকাঠামো নির্মাণ খাতে সর্বোচ্চ ১১ কোটি ১৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় দিরাই পৌরসভা কার্যালয়ে আয়োজিত অধিবেশনে এ বাজেট ঘোষণা করেন দিরাই পৌর প্রশাসক মো. জিয়াউল হাসান সৌরভ।

বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পৌর প্রশাসক মো. জিয়াউল হাসান সৌরভ।

ঘোষিত বাজেট অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা। এর বিপরীতে রাজস্ব ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৫৮ লাখ ৬০ হাজার টাকা। ফলে রাজস্ব খাতে ১ কোটি ৭ লাখ ৮০ হাজার টাকা উদ্বৃত্ত থাকবে।

এদিকে উন্নয়ন খাতে বরাদ্দ ধরা হয়েছে, ১২ কোটি ৪৬ লাখ ৩০ হাজার ৮১৯ টাকা ৩৭ পয়সা। উন্নয়ন ব্যয় নির্ধারণ করা হয়েছে ১২ কোটি ৩৯ লাখ টাকা। এতে উন্নয়ন খাতে ৭ লাখ ৩০ হাজার ৮১৯ টাকা ৩৭ পয়সা উদ্বৃত্ত থাকবে।

প্রস্তাবিত বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে অবকাঠামো উন্নয়নে। এ খাতে ১১ কোটি ১৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা পৌর এলাকার সড়ক, ড্রেনেজ ও অন্যান্য উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে ব্যয় করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং দিরাই উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।