শিরোনাম

টাঙ্গাইল, ২৮ জুলাই ২০২৬ (বাসস): জেলার মধুপুর উপজেলায় আজ বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট একলাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার লাউফুলা ও কাইতকাই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন।
মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন জানান, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন লঙ্ঘনের দায়ে উপজেলার কাইতকাই এলাকার সালাম অটো রাইস মিলকে একলাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া লাউফুলা এলাকার অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য উৎপাদন করায় আরিফ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা এবং একই এলাকার মানিক বেকারিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তিনি জানান, আদায়কৃত মোট একলাখ ৬০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।