শিরোনাম

খুলনা, ২৭ জুলাই ২০২৬ (বাসস): প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর পৃষ্ঠপোষকতায় মহানগরীতে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আজ সোমবার (২৭ জুলাই) বেলা ১১টায় খুলনা জিলা স্কুলে বৃহত্তর খুলনাবাসীর উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করা হয়।
কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা এ কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি গাছের চারা রোপণের যে যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করেছে, তা কোনো সাধারণ সরকারি কর্মসূচি নয়, এটি পরিবেশ রক্ষায় একটি জাতীয় আন্দোলন। কেডিএ এই অভিযানের অংশীদার ও সহযাত্রী হিসেবে কাজ করছে।
তিনি বলেন, এই কর্মসূচির আওতায় কেডিএর আওতাধীন এলাকায় লক্ষাধিক গাছ রোপণ ও চারা বিতরণ করা হবে। এরমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক, আবাসিক এলাকা এবং ধর্মীয় উপাসনালয় প্রাঙ্গণ অন্তর্ভুক্ত রয়েছে।
কেডিএ চেয়ারম্যান বলেন, একটি পরিকল্পিত নগরী কেবল বহুতল ভবন আর কংক্রিটের জঙ্গল হতে পারে না। সেখানে বুকভরে শ্বাস নেওয়ার জন্য পর্যাপ্ত সবুজ ও খোলা বাতাস থাকা আবশ্যক। সুন্দরবনের কোল ঘেঁষা খুলনাকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির বিরূপ প্রভাব থেকে রক্ষা করতে বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই।
তিনি পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি পুষ্টি ও অর্থনৈতিক চাহিদা পূরণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের ওপর বিশেষ জোর দেন। কেডিএর যে কোনো উন্নয়নমূলক বা পরিবেশগত সিদ্ধান্ত এককভাবে না নিয়ে স্থানীয় সাংবাদিক, পরিবেশকর্মী, রাজনীতিক ও সর্বস্তরের মানুষের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলামের সভাপতিত্বে এসময়ে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক মো. শাহীন আলম, মো. মাহফুজ জামান, শেখর রঞ্জন মন্ডল, শাহনাজ পারভীন, বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি নাসির উদ্দিন, সহ-সভাপতি সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, মো. জামাল মোড়ল প্রমুখ।