বাসস
  ১৯ আগস্ট ২০২৬, ১৪:৪০

বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

ছবি: বাসস

বরিশাল, ১৯ আগস্ট, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বরিশাল জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড.বিলকিস আক্তার জাহান শিরীন।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড.আবুল কালাম শাহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল আহসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিজামুর রহমান নিজাম প্রমুখ। এ কর্মসূচিতে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন উপজেলা থেকে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

র‌্যালিতে নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে উৎসবমুখর করে তোলেন। এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আয়োজকরা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।