শিরোনাম

যশোর, ১৯ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলায় কাভার্ডভ্যান ও মিনি-পিকআপের সংঘর্ষে নেছার উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। আজ বুধবার ভোর ৪টার দিকে যশোর সদর উপজেলার হামিদপুর এলাকায় যশোর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত দুইজন হলেন, অনিক (২৩) ও জিয়া (৫৫)। মৃত নেছার উদ্দিন ও আহত দুইজন মিনি-পিকআপে ছিলেন। তারা তিনজনই কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, হামিদপুরে সড়কের পাশে একটি কাভার্ডভ্যান দাঁড়িয়েছিল। ভোর চারটার দিকে একটি মিনি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে সজোরে কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় মিনি পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয়রা দুর্ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা নেছার উ্িদ্দনকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ মর্গে পাঠানো হয়। আহত দুইজনের অবস্থা গুরুতর। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর চিকিৎসকরা আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দিয়েছেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।