শিরোনাম

সাতক্ষীরা, ১৯ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার কালিগঞ্জে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে তানজিম হাসান নামের ৩ বছরের ১ শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার সাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত তানজিম ওই গ্রামের মোশাররফ ঢালীর ছেলে।
বাবা মোশাররফ ঢালী জানান, রাতে তাদের সাথে ঘুমিয়েছিল তানজিম। রাত ২টার দিকে সে চিৎকার করে কান্না শুরু করে। এতে তাদের ঘুম ভেঙে যায় এবং শিশুটির শরীরে সাপে কামড়ানোর চিহ্ন ও বিছানার পাশে একটি সাপ দেখতে পান তারা।
শিশুটির চাচা মোস্তফা ঢালী জানান, প্রথমে তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। তবে কবিরাজকে বাড়িতে না পেয়ে দ্রুত তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাকির হোসেন জানান, শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
তিনি আরো জানান, বিষধর সাপের কামড়ের ক্ষেত্রে প্রাথমিক কিছু পদক্ষেপ বাসা থেকে নেয়া যেতে পারে, তবে অবশ্যই বিলম্ব না করে চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া উচিত।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, একবার কবিরাজ, তারপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখান থেকে সামেক হাসপাতালে যাওয়ার পথে আশাশুনির বুধহাটা এলাকায় পৌঁছালে বুধবার ভোরে শিশুটির মৃত্যু হয়।