বাসস
  ২৭ জুলাই ২০২৬, ১৪:০৯

বরগুনায় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু

বরগুনা জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার আজ সকাল ১০টায় জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে এই বৃক্ষ মেলার উদ্বোধন করেন। ছবি: বাসস

বরগুনা, ২৭ জুলাই ২০২৬ ( বাসস): ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে বরগুনায় সপ্তাহব্যাপী ( ২৭ জুলাই- ২ আগস্ট) বৃক্ষ মেলা আজ শুরু হয়েছে।

বরগুনা জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার আজ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে এই বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন। এর আগে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

বৃক্ষ মেলা উপলক্ষে শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার তন্ময় বিশ্বাস, বিভাগীয় বন কর্মকর্তা উপকূলীয় বন বিভাগ, পটুয়াখালী মো. জাহিদুর রহমান, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ জেড এম সালেহ ফারুক, ইসলামি আন্দোলনের সেক্রেটারি আবদুর শাকুর এবং নার্সারি মালিক মোসতাকিন। সভা পরিচালনা করেন তারিক বিন আনসারী সুমন।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচি হাতে নিয়েছেন। বৃক্ষ আমাদের বাঁচিয়ে রাখে। তাই বৃক্ষকে আমাদের সুষ্ঠুভাবে বাঁচিয়ে রাখতে হবে।