বাসস
  ২৭ জুলাই ২০২৬, ১২:৪৯
আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১৪:০৬

রাজবাড়ীতে ট্রেন দুর্ঘটনায় নিহত ২

রাজবাড়ী, ২৭ জুলাই, ২০২৬ (বাসস) : জেলায় ট্রেন দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বাসস’কে জানান, গতকাল রোববার রাত ৮টা ৪০ মিনিটের দিকে ঢাকা থেকে রাজবাড়ীগামী একটি তৈলবাহী ট্রেন রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেট এলাকায় পৌঁছালে ট্রেনের বগি, মাহেন্দ্র এবং ইজি বাইকের সাথে সংঘর্ষে ৯ জন আহত হন।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বাসস’কে জানান, গতকাল রাতে ট্রেনটি ঢাকা থেকে ২৬টি বগি নিয়ে রাজবাড়ীর দিকে আসছিল।  ট্রেনটি জেলার খানখানাপুর রেলগেট এলাকায় পৌঁছালে গার্ড ব্রেকসহ ৬টি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। খানখানাপুর রেল গেইট ক্রস করার সময় মূল ট্রেনটি আগে চলে যায়।

বিচ্ছিন্ন ট্রেনের অংশটি রেলগেট এলাকা ক্রস করার সময় গেট কিপার ট্রেনের বাকি অংশ না দেখে গেটের বার  ওপরে তুলে ফেলে। ফলে যানবাহন চলাচল শুরু করলে ট্রেনের বাকি অংশের সাথে যাত্রীবাহী একটি বাস, মাহেন্দ্র এবং ইজি বাইকের সাথে সংঘর্ষে ৯ জন আহত হন। 

আহতদের হাসপাতালে নেয়ার পথে গোয়ালন্দ উপজেলার মনোয়ার হোসেন, (৫০) মারা যান। অপর আহত আব্দুল মালেক শেখ (৪৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বাকি ৭ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রেল পুলিশ জানায়, ভোর ৪টা থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। এ ব্যাপারে রাজবাড়ী রেলওয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে।