বাসস
  ২৭ জুলাই ২০২৬, ১২:৩৪

ফেনীতে টিআর-কাবিখার আড়াই কোটি টাকার চেক বিতরণ

আজ সোমবার সকালে ফেনী সদর উপজেলা অডিটোরিয়ামে সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি এসব চেক হস্তান্তর করেন। ছবি: বাসস

ফেনী, ২৭ জুলাই,২০২৬ (বাসস) : গ্রামীণ অবকাঠামোর সংস্কার ও রক্ষণাবেক্ষণ (টিআর-কাবিখা) কর্মসূচির আওতায় ফেনীতে ২০২৫-২৬ অর্থবছরের ১শ’ ৫১ প্রকল্পে ২ কোটি ৪৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকালে ফেনী সদর উপজেলা অডিটোরিয়ামে ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি প্রধান অতিথি থেকে এসব চেক হস্তান্তর করেন।

ফেনী সদর উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজিত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার ও ফেনী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সজল দাস।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন ও সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তপন কর।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি বলেন, ‘এটা ১ম ধাপের প্রকল্পের চেক বিতরণ। মাত্র শুরু হয়েছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন আরো হবে। রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্ট কোন কিছু বাদ থাকবে না। আগামী ৫ বছর উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আমরা মানুষের উন্নয়নে কাজ করে যাবো।’

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা জানান, উপজেলায় ১শ’ ৫১ টি প্রকল্পে ২ কোটি ৪৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। এছাড়া ৬৬ মেট্রিক টন চাল ও ৬৮ মেট্রিক টন গম বিতরণ করা হয়।
পরে উপজেলা পরিষদ ভবনের পরিদর্শন কক্ষ উদ্বোধন করেন অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।