শিরোনাম

গাজীপুর, ২৭ জুলাই, ২০২৬ (বাসস): গাজীপুর মহানগরীর টঙ্গীর মিলগেট বস্তি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, জাল টাকা, মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তবে তাৎক্ষণিক গ্রেফতারদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ জানায়, গাজীপুর সিটি করপোরেশনের ৫৫ নম্বর ওয়ার্ডের টঙ্গীর মিলগেট বস্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় কামাল ও আমেনা বেগমের দোতলার একটি কক্ষ থেকে বিপুল পরিমাণ জাল টাকা সদৃশ নোট, বিপুল পরিমাণ মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে কামালের ছেলে আলমসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ধারণা, দেশীয় অস্ত্র দিয়ে ছিনতাই ও চুরি-ডাকাতি করা হতো। একই সঙ্গে জাল টাকা ও মাদক কারবার চলত।
জিএমপি’র অতিরিক্ত কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বিষয়টি বাসস’কে নিশ্চিত করে বলেন, জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদারের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। জব্দ আলামত ও গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের পর আজ সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।