বাসস
  ২৭ জুলাই ২০২৬, ১০:৪৮

লক্ষ্মীপুরে ট্রাক ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রতীকী ছবি

 

লক্ষ্মীপুর, ২৭ জুলাই, ২০২৬ (বাসস) : লক্ষ্মীপুরে আলাদা দু’টি সড়ক দুর্ঘটসায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। নিহতের নাম চৌধুরী রুবেল (৪৫)। সোমবার ভোররাতে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুবেল। 

এরআগে রাতে লক্ষ্মীপুর-মজুচৌধুরী হাট সড়কের যুব উন্নয়ন অফিসের সামনে ড্রাম ট্রাক ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে রুবেল, বাহার উদ্দিন ও স্বপন হোসেনসহ ৩ জন গুরুতর আহত হয়। পরে তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রুবেলকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর থেকে যাত্রী নিয়ে মজুচৌধুরীর হাটের দিকে যাচ্ছিল একটি সিএনজি। লক্ষ্মীপুর-মজুচৌধুরী হাট সড়কের যুব উন্নয়ন অধিদপ্তর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা ড্রামের ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি ধুমড়ে-মুচড়ে যায়। এতে চালক বাহার উদ্দিনের পা ছিড়ে যায়। এসময় স্বপন হোসেন ও রুবেল হোসেনও গুরুতর আহত হয়। পরে তাদের তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রুবেলকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো

হয়। অন্য দুইজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময় লক্ষ্মীপুর-রায়পুর সড়কের করিতলা এলাকায় দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আরো ৪ জন আহত হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ বিষয়টি বাসস’কে নিশ্চিত করে বলেন, ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। এসব ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আহত রুবেল ভোররাতে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।