বাসস
  ২৩ জুলাই ২০২৬, ১৩:২৬
আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১৩:৩৮

খুলনায় চার সন্ত্রাসী গ্রেপ্তার ; অস্ত্র ও গুলি উদ্ধার

বৃহস্পতিবার ভোর রাতে খালিশপুর থানা এলাকা থেকে পুলিশ বিদেশি পিস্তল ও গুলিসহ দেশি অস্ত্র উদ্ধার করে। ছবি: বাসস

খুলনা, ২৩ জুলাই, ২০২৬ (বাসস) : নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আজ ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি বিদেশি পিস্তল ও গুলিসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, কেএমপি খুলনার গোয়েন্দা বিভাগের একটি টিম বৃহস্পতিবার ভোর রাতে নগরীর খালিশপুর থানা এলাকায় অভিযান চালায়। এ সময় মোস্তফা কামাল (৪৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। সে স্থানীয় বৈকালি বাজারের পিছনের এবি সিদ্দিক লেনের আ. খালেক মৃধার পুত্র। তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অপরদিকে, কেএমপি’র খুলনা সদর থানা পুলিশ বুধবার রাত পৌনে ১টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলো- মিলন শেখ, মো. মনিরুল ইসলাম ও মো. আসিফ গাজী (২০)। এ সময় তাদের কাছ থেকে একটি স্টিলের চাপাতি, একটি ছুরি, একটি দেশীয় ধারালো অস্ত্র, একটি নাইলনের দড়ি এবং একটি টেপের রোল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে হত্যা চেষ্টা, মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা ও নন-এফআইআর-এর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে মিলন শেখের বিরুদ্ধে একাধিক মামলা, মনিরুল ইসলামের বিরুদ্ধে একটি নন-এফআইআর এবং আসিফ গাজীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রয়েছে।