শিরোনাম

যশোর, ১৯ আগস্ট, ২০২৬ (বাসস): জেলার শার্শা উপজেলার পুটখালী সীমান্ত থেকে তিনটি স্বর্ণের বারসহ সুজন হোসেন (৪৪) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য ৭৭ লাখ ৬৭ হাজার ৬৭০ টাকা। স্বর্ণের বার তিনটির ওজন ৩৯৭ দশমিক ৮৭ গ্রাম।
বিজিবি জানায়, খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) সুবেদার মো. সলিমুল্লাহ মুন্সীর নেতৃত্বে একটি টহলদল গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে দৌলতপুর বালুর মাঠ পোস্ট এলাকার পাকা সড়কে অভিযান চালায়।
এ সময় সেখান থেকে মোটরসাইকেলসহ আটক করা হয় পুটখালী গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. সুজন হোসেনকে। এ সময় তার শরীর তল্লাশি করা হলে শরীরের বিভিন্নস্থানে লুকানো অবস্থায় তিনটি স্বর্ণের বার পাওয়া যায়।
এ ব্যাপারে মামলা করে আটক যুবককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের বার যশোর ট্রেজারিতে জমার প্রক্রিয়া চলছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।