বাসস
  ১৯ আগস্ট ২০২৬, ১৮:০১

রাঙ্গামাটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ 

ছবি : বাসস

রাঙ্গামাটি, ১৯ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলায় আজ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে রাঙ্গামাটি পৌরসভার উন্মুক্ত মঞ্চে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. মামুনুর রশীদ মামুন।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আবু নাসেরের সঞ্চালনায় এ সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক মো. বেলাল হোসেন সাকু প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন নিউ কোর্ট বিল্ডিং মার্কেট পর্যন্ত একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।