শিরোনাম

রংপুর, ২৩ জুলাই, ২০২৬ (বাসস) : রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ইয়াবা, হেরোইন, গাঁজা, নেশাজাতীয় সিরাপ ও চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক কারবারি, বিভিন্ন মামলার আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্তসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরপিএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে মহানগরের বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ডিসি ডিবি) সনাতন চক্রবর্তী বাসস’কে জানান, মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) পৃথক অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ গ্রাম হেরোইন, ৫০পিস ইয়াবা, ১শ’ গ্রাম গাঁজা, ৬৬ বোতল নেশাজাতীয় সিরাপ, একটি মোটরসাইকেল এবং ১ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়া মাদক সেবনের অভিযোগেও কয়েকজনকে আটক করা হয়েছে।
অন্যদিকে, হারাগাছ থানা পুলিশ পৃথক অভিযানে দুইজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করে। হাজীরহাট থানা নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় ভিকটিমকে উদ্ধার এবং এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। তাজহাট থানা চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করার পাশাপাশি আরও একজনকে আটক করেছে। তাদের কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরপিএমপি জানিয়েছে, মহানগর এলাকায় মাদক উদ্ধার, মাদক কারবারি, বিভিন্ন মামলার আসামি এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।