শিরোনাম

চট্টগ্রাম, ১৯ আগস্ট, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, সরকারের টিআর প্রকল্পের আওতায় দেওয়া অনুদান স্থানীয় পর্যায়ে ধর্মীয় ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করছে।
তিনি আরও জানান, মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার ও অবকাঠামোগত উন্নয়নে এ ধরনের সরকারি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আজ (বুধবার) দুপুরে ১৫নং বাগমনিরাম ওয়ার্ডের কাজীর দেউরি ১নং গলি জামে মসজিদের উন্নয়নে টিআর প্রকল্পের আওতায় এককালীন তিন লাখ টাকা অনুদানের চেক প্রদানকালে তিনি এসব কথা বলেন।
আবু সুফিয়ান বলেন, সরকারের এই উদ্যোগের ফলে স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় উন্নয়নকাজ বাস্তবায়ন করা সহজ হচ্ছে। ফলে সাধারণ মানুষের বিভিন্ন প্রয়োজন পূরণে সরকারি সহায়তা কার্যকর ভূমিকা পালন করছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, খোরশেদুর রহমান, শাহ আলম, শহিদুল ইসলাম চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।