শিরোনাম

কুমিল্লা, ২০ জুলাই, ২০২৬ (বাসস) : কুমিল্লা নগরীর টমছমব্রিজ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কে বাজার বসায় যানজটের কারণে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা নগরবাসীকে দুর্ভোগে পড়তে হয়। তিন দশক পর সরানো হলো টমছমব্রিজ সড়কের সেই গলার কাঁটা। নগরবাসী এই অভিযানকে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে তারা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রাখারও আহবান জানিয়েছেন।
রোববার বিকালে টমসমব্রিজ এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে বাজারটি গুড়িয়ে দেয়া হয়। এ সময় শতাধিক অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।
সিটি করপোরেশন সূত্র জানায়, প্রধান সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার কারণে দীর্ঘদিন ধরে টমসমব্রিজ এলাকায় তীব্র যানজট সৃষ্টি হতো। এতে নগরবাসীর পাশাপাশি প্রয়োজনে শহরে আসা বিভিন্ন
শ্রেণি-পেশার মানুষের চলাচলে বিঘ্ন ঘটতো। সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের তত্ত্ববধানে পরিচালিত অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সিটি করপোরেশনের অভিযানে উচ্ছেদ হওয়া টমছমব্রিজ কাঁচা বাজারের মুরগি ব্যবসায়ী জাবেদ বাসস’কে বলেন, আগে থেকে উচ্ছেদের বিষয়টি জানানো হয়েছিল। তারপরও কোনোভাবে টিকে থাকার সুযোগ চেয়ে আমরা সিটি করপোরেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু সিটি করপোরেশন শেষ পর্যন্ত আমাদেরকে উচ্ছেদ করলো।
সবজি ব্যবসায়ী হৃদয় হোসেন বলেন, আমার দোকানটি ভেঙে ফেলা হয়েছে, কোনোরকমে মালামাল সরাতে পেরেছি। আমরা এখানে ভাড়া দিয়ে ব্যবসা করতাম।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন বাসস’কে বলেন, নগরীতে যানজট কমানো, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং জলাবদ্ধতা নিরসনে এ ধরনের উচ্ছেদ অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
কুমিল্লা সিটি করপোরেশন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, যে কোনো স্থাপনা উচ্ছেদের আগে নিয়ম অনুযায়ী সংশ্লিষ্টদের নোটিশ দিয়ে জানানো হয়। যারা সেই নোটিশ মানেন না তাদেরই পরবর্তীতে সিটি করপোরেশন উচ্ছেদ করে। সড়কের ওপর যত অবৈধ স্থাপনা থাকবে, সবগুলোই আইনানুগভাবে অপসারণ করা হবে।
অভিযান চলাকালে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন, কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরাসহ সিটি কপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।