শিরোনাম

বগুড়া, ১৯ আগস্ট ২০২৬ (বাসস): জেলার শেরপুর উপজেলায় আজ আইসক্রিম তৈরিতে নিষিদ্ধ রাসায়নিক ঘনচিনি (সোডিয়াম সাইক্লামেট) ও ক্ষতিকর রং ব্যবহারের দায়ে একটি কারখানাকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় নিষিদ্ধ রাসায়নিক দিয়ে তৈরি বিপুল পরিমাণ আইসক্রিম জব্দ ও জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
আজ বুধবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের বাগড়া কলোনি এলাকায় ‘প্রিন্স সুপার আইসক্রিম’ কারখানায় জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানকালে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল জানান, অভিযানকালে ‘প্রিন্স সুপার আইসক্রিম’ কারখানায় আইসক্রিম তৈরিতে নিষিদ্ধ রাসায়নিক ঘনচিনি ও খাদ্যে ব্যবহারের অনুপযোগী রাসায়নিক রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিমের কোন কাপ তৈরি করা হচ্ছিল। কারখানাটি শিশুখাদ্য হিসেবে বিক্রি হওয়া আইসক্রিম তৈরি করলেও সেটি নিবন্ধিত ছিল না। এ ঘটনায় কারখানার মালিক মো. শিহাব উদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।