বাসস
  ২০ জুলাই ২০২৬, ১১:৫০

গাইবান্ধায় ক্যাসিনো চক্রের এক সদস্য গ্রেপ্তার

প্রতীকী ছবি

গাইবান্ধা, ২০ জুলাই, ২০২৬ (বাসস) : জেলায় অনলাইনে ক্যাসিনো জুয়া পরিচালনা এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে পর্নোগ্রাফি সংরক্ষণ, সরবরাহ ও বিজ্ঞাপন প্রচারের অভিযোগে চক্রের এক সদস্যকে গতকাল রোববার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সকালে বাসস’কে বিষয়টি নিশ্চিত করছেন গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মদ মোজাম্মেল হক। 

গ্রেপ্তার আব্দুর রাজ্জাকের (৩৫) বাড়ি জেলার গোবিন্দগঞ্জে শাখাহার ইউনিয়নের খারিতা গ্রামে। সে ঐ গ্রামের নরুন্নবীর ছেলে। গতকাল রোববার রাতে তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, রোববার রাত প্রায় ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তার আসামিকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন স্বজনরা। পরে অতিরিক্ত পুলিশ সদস্য  গিয়ে তাকে থানায় আনা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বাসস’কে বলেন, গ্রেপ্তার আব্দুর রাজ্জাকের ব্যবহৃত মোবাইল ফোনে অনলাইন জুয়ার (ক্যাসিনো) অ্যাপের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, অনলাইন জুয়া ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না।