বাসস
  ২০ জুলাই ২০২৬, ১১:৩৯
আপডেট : ২০ জুলাই ২০২৬, ১১:৪৭

বগুড়ায় অনুষ্ঠিত হলো ঋতুভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বর্ষায় নজরুল’

গতকাল রোববার বগুড়ায় ঋতুভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বর্ষায় নজরুল’ অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

বগুড়া, ২০ জুলাই, ২০২৬ (বাসস) : বগুড়ায় ঋতুভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বর্ষায় নজরুল’ গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে নজরুল সংগীত, সমবেত সংগীত, নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য-সংস্কৃতি এবং বর্ষার সৌন্দর্য তুলে ধরা হয়।

রোববার বিকেল সাড়ে ৫টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মাহমুদুল হাসান।

অনুষ্ঠানের শুরুতে সমবেত সংগীত ও ক্ষুদে শিল্পীদের দলীয় নৃত্য পরিবেশিত হয়। এরপর অতিথিরা বক্তব্য রাখেন। বক্তারা নতুন প্রজন্মের মধ্যে নজরুলচর্চা, দেশীয় সংস্কৃতির বিকাশ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

পরে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা নজরুল সংগীত, একক ও দলীয় সংগীত, আবৃত্তি এবং নৃত্য পরিবেশন করেন। পরিবেশনাগুলোতে কবি কাজী নজরুল ইসলামের প্রেম, দ্রোহ, সাম্য, মানবতা এবং বর্ষার সৌন্দর্য শিল্প আকারে উপস্থাপিত হয়। অনুষ্ঠানটি উপভোগ করেন বিভিন্ন শ্রেণি-পেশার সংস্কৃতি প্রেমী দর্শক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সংগীত বিভাগের শিক্ষার্থী তাছবিতা এহসান।