বাসস
  ১৯ জুলাই ২০২৬, ২২:৪১

জুলাই চেতনা সবচেয়ে বেশি ধারণ করে বিএনপি : খায়রুল কবির খোকন

ছবি: বাসস

নরসিংদী, ১৯ জুলাই, ২০২৬ (বাসস) : নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির বলেছেন, জুলাই চেতনা সবচেয়ে বেশি বিএনপির প্রতিটি নেতাকর্মী তাদের নিজেদের অন্তরে ধারণ করে।

তিনি বলেন, কেউ যদি জুলাই চেতনা বিক্রি করতে চান, বিক্রি করে যদি ঘোলা পানিতে মাছ শিকার করতে চান, পরিণতি ভালো হবে না। জনগণ সেই চেতনা ব্যবসায়ীদের পক্ষে থাকবে না।

আজ রোববার সন্ধ্যায় নরসিংদী জেলা বিএনপি আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ১৯ জুলাই নরসিংদী কারা বিদ্রোহ দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। 

বর্তমান বিরোধী দল নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে সমালোচনা করে তিনি বলেন, আমরা একসাথে আন্দোলন করেছি। বিগত ১৭ বছরের আন্দোলনে আপনারা কতটুকু ভূমিকা রেখেছেন জনগণ জানে, আমরাও জানি। কী করেছেন আপনারা? তারপরও আমরা একসাথে মিলেছি দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য, আমরা শপথ করেছি মহান জাতীয় সংসদে। আমরা সেইভাবে এগোতে চাই।

খায়রুল কবির খোকন আরও বলেন, ‘এখন যদি বিএনপিকে প্রতিপক্ষ ভেবে ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই সনদকে আপনারা ইস্যু করেন, আপনারা বলেন গণভোট, গণরায় বাস্তবায়ন না করি তাহলে আপনারা মাঠে নামবেন এবং এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবেন, সেটা সম্ভব নয়। বিএনপি জনগণের ভোট নিয়ে সরকার গঠন করেছে। এই দলের বিরুদ্ধে হিসাব করে কথা  বলবেন।’ 

জেলা শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, জেলা বিএনপির সহ-সভাপতি এম. এ জলিলসহ নেতৃবৃন্দ।