শিরোনাম

নরসিংদী, ১ মে, ২০২৬ (বাসস) : নরসিংদীর রায়পুরা উপজেলায় মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীসহ দু’জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরার খানাবাড়ি এলাকায় হুমায়ুন সাধুর মাজার প্রাঙ্গণে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী নাজমা বেগমকে (৪৫) মাদকসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০০ টাকা অর্থদণ্ড ও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় একজন মাদকসেবীকে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়। তাকে ১০০ টাকা অর্থদণ্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। রায়পুরা থানা পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানায়, মাদকের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।