শিরোনাম

চট্টগ্রাম, ৩০ এপ্রিল, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম নগরীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ চারজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিদেশি দু’টি পিস্তল, দু’টি শটগান, একটি একনলা বন্দুক, ৫০ রাউন্ড গুলি, চারটি চাপাতি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আজ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম বিষয়টি জানান। তিনি বলেন, বুধবার ও বৃহস্পতিবার নগরীর বায়েজিদ লিংক রোড, কোতোয়ালি ও হাটহাজারী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তিনি আরো বলেন, আটক ব্যক্তিদের মধ্যে তিনজন দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত। তারা চট্টগ্রাম নগরীসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে অস্ত্র সরবরাহ করে আসছিল।
উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে নুরুদ্দিন নামে এক ব্যক্তিকে একটি বিদেশি পিস্তলসহ আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দীপক ও তাপস নামে আরো দু’জনকে আটক করা হয়। পরে তাদের বাসা তল্লাশি করে আরো একটি বিদেশি পিস্তল ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, পৃথক আরেকটি অভিযানে হাসান নামে এক আসামিকে গ্রেফতার করা হয়। ওই ব্যক্তির হাটহাজারী এলাকার বাসা থেকে তিনটি অস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশের তথ্যমতে, হাসানের বিরুদ্ধে বায়েজিদ থানায় পাঁচটি মামলা রয়েছে।
পুলিশ কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি, তারা পরস্পর যোগসাজশে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় অস্ত্র সরবরাহ করত। অস্ত্র ব্যবসার সাথে তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত।
তিনি আরো বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অস্ত্র, সন্ত্রাসবাদ, কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে আমাদের কার্যক্রম চলমান থাকবে।