বাসস
  ৩০ এপ্রিল ২০২৬, ১৩:৫৫

খাগড়াছড়িতে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক হয়েছে

আজ সকালে শহরের বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা যায়, আগের মতো আর ভিড় নেই। ছবি: বাসস

খাগড়াছড়ি, ৩০ এপ্রিল ২০২৬(বাসস): দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে চলা জ্বালানি তেলের সংকট অনেকটাই কেটে গেছে। গতকাল রাত থেকে খাগড়াছড়িতে তেল সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

আজ সকালে শহরের বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা যায়, আগের মতো আর ভিড় নেই। কোথাও চোখে পড়েনি দীর্ঘ যানবাহনের লাইন। স্বাভাবিকভাবেই তেল নিতে পারছেন গাড়ি ও মোটরসাইকেল চালকেরা।

পেট্রোল পাম্পে অপেক্ষমাণ চালকদের সাথে কথা বলে জানা যায়, গাড়ির তেলের জন্য এখন আর দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে না। সহজেই জ্বালানি তেল পাওয়া যাচ্ছে। এতে চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। 

পেট্রোল পাম্পের ম্যানেজাররা জানান, বর্তমানে তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। তাই নিরবচ্ছিন্নভাবে জ্বালানি তেল সরবরাহ সম্ভব হচ্ছে।