শিরোনাম

পিরোজপুর, ৩০ এপ্রিল, ২০২৬ (বাসস): জেলার মঠবাড়িয়া উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে| এছাড়া নদীতে মাছ ধরতে গিয়ে এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও এক যুবক।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে গতকাল বুধবার এ দুর্ঘটনা ঘটে|
বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন, মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) আলী আকবর|
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ঝড় বৃষ্টির সময় দাউদখালী ইউনিয়নের হারজী নলবুনিয়া গ্রামের আয়েশা আক্তার (৫০) মাঠ থেকে হাঁস নিয়ে বাড়ি ফেরার পথে তিনি বজ্রপাতে গুরুতর আহত হন| পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন|
অপরদিকে, সদর ইউনিয়নের সবুজ নগর গ্রামের স্বাধীন তালুকদার (২২) মাঠে গরু আনতে গিয়ে নিখোঁজ হন| তার পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে মাঠে তার মৃতদেহ দেখতে পান| পরিবারের ধারণা, বজ্রপাতেই তার মৃত্যু হয়েছে। স্বাধীন ওই গ্রামের মশিউর রহমান তালুকদারের ছেলে|
অন্যদিকে, তুষখালী ইউনিয়নের জানখালি গ্রামের মোহাম্মদ হাসান (২৫) নামে এক যুবক বলেশ্বর নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে নদীতে পড়ে নিখোঁজ হন| তার সঙ্গী সোহেল জানান, হাসানকে উদ্ধারের চেষ্টা করেও পাওয়া যায়নি| নিখোঁজ হাসান ওই এলাকার নবী হোসেনের ছেলে|
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রবিউল ইসলাম বাসস’কে জানান, নিহত ২ জনের মরদেহ তাদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে| নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কাজ চলছে|