শিরোনাম

দিনাজপুর, ৩০ এপ্রিল ২০২৬ (বাসস): জেলা সদর থেকে মাদকদ্রব্য ও বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজ সকাল ১০ টায় দিনাজপুর র্যাব-১৩ ক্যাম্পের জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বৃহস্পতিবার ভোরে দিনাজপুর সদর উপজেলার খানপুর ইউনিয়নের জাগিরপাড়া গ্রামে র্যাব-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।
অভিযানে মাদক মামলার পলাতক আসামি রায়হান কবির ওরফে বাবুর বাড়ির পূর্ব পাশে একটি পরিত্যক্ত লাকড়ির ঘর থেকে মোট ৫৮১ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এর মধ্যে ৩৬২ বোতল নেশা জাতীয় এস্কাফ সিরাপ এবং ২১৯ বোতল আরসিকাপ সিরাপ রয়েছে। এছাড়া ২৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মো. জুয়েল বাবু (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তিনি দিনাজপুর সদর উপজেলার খানপুর ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে উদ্ধারকৃত মাদকসহ আজ সকালে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মো. নুরুন নবী জানান, র্যাব সদস্যদের দায়েরকৃত মাদক মামলার আসামিকে আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।