শিরোনাম

ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
আজ (বুধবার) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, কক্সবাজারের উখিয়া থানাধীন মেরিন ড্রাইভ সংলগ্ন সফির বিল এলাকায় মাদক পাচারের উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে-এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে কোস্ট গার্ড স্টেশন ইনানী বিশেষ অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় এক মাদক পাচারকারীকে আটক করা হয়।
এসময় তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত মাদক এবং আটককৃত পাচারকারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।