বাসস
  ২৯ এপ্রিল ২০২৬, ১৪:৪৭

লালমনিরহাটে র‌্যাবের অভিযানে মাদক জব্দ

মঙ্গলবার ফেন্সিডিল সমজাতীয় ৬১১ বোতল মাদকদ্রব্য জব্দসহ ৩জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা।ছবি: বাসস

লালমনিরহাট, ২৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : লালমনিরহাটে র‌্যাব-১৩ এর অভিযানে গতকাল মঙ্গলবার ফেন্সিডিল সমজাতীয় ৬১১ বোতল মাদকদ্রব্য জব্দসহ ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৬টার দিকে জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-১৩ সদর কোম্পানি রংপুরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়।

র‌্যাব জানায়, চন্দ্রপুর উত্তরপাড়ায় মো. সাইফুল ইসলাম সুজনের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৩৬৫ বোতল ইস্কাফ, ১৯৬ বোতল ইস্কাফ ডিএক্স এবং ৫০ বোতল ফেয়ারডিলসহ মোট ৬১১ বোতল মাদক জব্দ করা হয়।

এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন মো. সাইফুল ইসলাম সুজন (২০), মো. মতিউল ইসলাম (৩০), উভয়েই চন্দ্রপুর এলাকার বাসিন্দা এবং মো. স্বপন মিয়া (৩৮), উত্তর দলগ্রাম এলাকার বাসিন্দা।

র‌্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।