শিরোনাম

নাটোর, ২৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতে ৮টি ইভেন্টে জেলায় নিবন্ধিত প্রতিযোগীর সংখ্যা ২ হাজার ২৩১ জন। এসব প্রতিযোগীরা জেলার ৭টি উপজেলা এবং ১ পৌরসভা পর্যায়ের বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করছে।
ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে গতকাল বুধবার সকাল ৯টায় নাটোর সদর উপজেলায় নিবন্ধিত মোট ৩৯৬ জন প্রতিযোগী ফুলবাগান হেলিপ্যাড মাঠে বাছাই কার্যক্রমে উপস্থিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ আদনান বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন।
একই সময়ে জেলা স্টেডিয়ামে নাটোর পৌরসভার বাছাই কার্যক্রম শুরু হয়েছে। বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করছে ৮৯ জন বালক এবং ৪৫ জন বালিকা।
নলডাঙ্গা উপজেলার শ্রীশ চন্দ্র বিদ্যানিকেতন মাঠে বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান।
গতকাল বালক ও বালিকা পর্যায়ে ফুটবল, ক্রিকেট এবং এ্যাথলেটিকসের খেলোয়াড় বাছাই কার্যক্রম শেষ হয়। আজ কাবাডি, ব্যাডমিন্টন, দাবা এবং সাঁতার প্রতিযোগিতার খেলোয়াড় বাছাই কার্যক্রম চলছে।
‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ প্রতিপাদ্য নিয়ে ৮টি ইভেন্টে ‘নতুন কুড়ি স্পোর্টস’ শুরু হতে যাচ্ছে। এরমধ্যে দলগত ইভেন্টে ফুটবল, ক্রিকেট এবং কাবাডি, দ্বৈত ও একক ইভেন্টে ব্যাডমিন্টন এবং একক ইভেন্টে দাবা, এ্যাথলেটিকস্, সাঁতার ও মার্শাল আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ২ মে নাটোর জেলা স্টেডিয়ামে ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে জেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস শুরু হবে।
এরআগে ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম ২৭ এপ্রিল শেষ হয়।
জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এছামী বাসস’কে জানান, প্রত্যেক উপজেলা ও নাটোর পৌরসভা থেকে বালক ও বালিকা পর্যায়ে ফুটবলে ১৮ জন, ক্রিকেটে ১৪ জন, কাবাডিতে ১২ জন, সাঁতার ও মার্শাল আর্টে ৮জন,এ্যাথলেটিকসে ৬ জন, ব্যাডমিন্টনে ৪জন এবং দাবায় ২জন করে খেলোয়াড় বাছাই করা হচ্ছে।