শিরোনাম

চুয়াডাঙ্গা, ২৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : ‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জনের কার্যালয়ের সন্মেলন কক্ষে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. হাদি জিয়া উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
তিনি বলেন, একটি সমাজ বা রাষ্ট্রকে এগিয়ে নিতে হলে সব শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। তা না হলে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, পুষ্টিকর খাবার তোমরা খেতে চাও না। নিজের বাড়িতে তৈরি করা খাবার খেতে হবে। ফাস্ট ফুড ও জাঙ্ক ফুড পরিহার করতে হবে। রং বেরংয়ের চিপস খাওয়ার অভ্যাস পরিত্যাগ করতে হবে।
পুষ্টি সপ্তাহের গুরুত্ব নিয়ে আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শারমিন আক্তার, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক দীপক কুমার পাল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জাকির হোসেন, জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক বিপুল আশরাফ, শিক্ষক এনামুল হক, শিক্ষার্থী সাবরিনা আক্তার প্রমুখ।
পরে চিত্রাংকন, কুইজ ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।