শিরোনাম

কুড়িগ্রাম, ২৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার নাগেশ্বরী উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১ শিশুসহ ৩জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১১ জন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পৌরসভার বাঁশের তল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হীল জামান বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়। গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পর সেখানে আরও ১জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন-ছাদিয়া আক্তার (৭), তার বাবা শামীম মিয়া নুরনবী (২৮) এবং মাইক্রোবাসের চালক লিমন (৩৮)। তাদের সবার বাড়ি ভুরুঙ্গামারী উপজেলার বিভিন্ন এলাকায়।
দুর্ঘটনায় আহতদের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে।