শিরোনাম

পটুয়াখালী, ২৫ মার্চ, ২০২৬ (বাসস): জেলার বাউফল উপজেলায় আজ যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় রেজাউল করীম (২৮) ও নাছির ফকির (৪২) নামের দুইব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার ভোররাতে বাউফল উপজেলার লোহালিয়া নদীর বামনিকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে বুধবার দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ট্রলারটি থেকে দু’জনের মরদেহ উদ্ধার করে।
মৃত রেজাউল করীম জেলার রাঙ্গাবালী উপজেলার চরলাটসাহেব গ্রামের ওয়াজেদ হাওলাদারের ছেলে। অন্যদিকে, নাছির ফকির একই উপজেলার চরবিষ্টন গ্রামের আব্দুল ফকিরের ছেলে। তারা উভয়ে পেশায় শ্রমিক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাঙ্গাবালী থেকে তরমুজবোঝাই একটি ট্রলার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। পথিমধ্যে ভোররাত ৪ টার দিকে বামনিকাঠি এলাকায় ঢাকা থেকে পটুয়াখালীগামী ‘এমভি আওলাদ-৭’ নামের একটি ডাবল ডেকার লঞ্চ ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় ট্রলারের অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ট্রলারের ভেতরে অবস্থানরত রেজাউল ও নাছির বের হতে না পারায় তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। কয়েক ঘণ্টা চেষ্টার পর ডুবুরি দল ট্রলারটি শনাক্ত করে এবং ভেতর থেকে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের টিম লিডার মজিবর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন এবং বুধবার দুপুরে দু’জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
বিষয়টি নিশ্চিত করে কালাইয়া বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আল মামুন জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।