শিরোনাম

গোপালগঞ্জ, ৬ মার্চ, ২০২৬ (বাসস): জেলার কাশিয়ানি উপজেলায় নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এসব বাছুর বিতরণ করা হয়।
উপজেলার মোট ৬০টি নিবন্ধিত জেলে পরিবারের হাতে এ সরকারি সহায়তা তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়ার সভাপতিতে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশের মৎস্য সম্পদ রক্ষায় জেলেদের ভূমিকা অপরিসীম। দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণের সময়ে জেলেদের আয় যেন বন্ধ না হয়ে যায়, সেই উদ্দেশ্যেই সরকার এ বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প উপপরিচালক মো. খায়রুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আনিচুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শুভংকর দত্ত, উপজেলা বিএনপির সভাপতি মোস্তফা মোল্যা, সাধারণ সম্পাদক শেখ সেলিম, উপজেলা সমবায় কর্মকর্তা মোরাদ আলী।