শিরোনাম

চুয়াডাঙ্গা, ৮ জানুয়ারি ২০২৬ ( বাসস): জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ সকালে অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন সভায় সভাপতিত্ব করেন ।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে জেলাজুড়ে মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান রোধ, যানজট নিরসন এবং আসন্ন জাতীয় নির্বাচন ও স্থানীয় কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় জানানো হয়, জানুয়ারি মাসে ৯৮ টি অভিযানে ২২৭ টি মামলা হয়েছে। মাদক মামলায় ১৫ টি অভিযানে ৩৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জিরো টলারেন্স নীতিতে কাজ করতে হবে। জেলার মাদকদ্রব্য ও যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি বিভাগকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।
পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, চুয়াডাঙ্গা ইতোমধ্যেই মাদকের আনাগোনা ব্যাপক হারে বেড়েছে। কিছুদিন আগেও আমরা এস্কাফ নামক মাদকের একটি বড় চালান জব্দ করেছি। মাদকের বিরুদ্ধে আমরা সর্বদা সোচ্চার রয়েছি। তবে মাদককে রুখতে সবাইকে এগিয়ে আসতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক, বিএনপি নেতা এম জেনারেল ইসলাম, পিপি অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, জুলাই যোদ্ধা খুশবু প্রমুখ।
সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক বিএম তারিক উজ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক ডিডি এলজি শারমিন আক্তার, সিভিল সার্জন হাদী জিয়াউদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান সাহেল, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।