বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৮

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত 

দিনাজপুর, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : দিনাজপুর-গবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে কার্ভাড ভ্যানের সংঘর্ষে ভ্যান চালকের সহকারী নিহত হয়েছেন। 

এ ঘটনায় কার্ভাড ভ্যানের চালক আমিনুল ইসলাম (৪৫) গুরুত্বর আহত হন।

আজ রোববার দুপুর সাড়ে ১২ টায় দিনাজপুর পুলিশ কন্ট্রোলরুম সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সূত্রটি জানায়, আজ বেলা ১১ টায় দিনাজপুর-গবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঘোড়াঘাট পৌরশহরের আজাদমোড় নামক স্থানে ইসলামি ব্যাংকের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত সহকারী আল-আমিন (৪০) নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার ওয়াবদা মোড় এলাকার বাসিন্দা। 

আহত আমিনুল ইসলামকে দ্রত উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বেলা ১১টায় মহাসড়কের দিনাজপুর অভিমুখে যাওয়া সময় পাশে মাল বোঝাই একটি ট্রাক থামিয়ে নষ্ট চাকা মেরামত করছিলেন চালক ও তাঁর সহকারী। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি কার্ভাড ভ্যান ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে কার্ভাড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এসময় কেবিনের মধ্যে আটকে পড়ে চালক ও চালকের সহকারী।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঘোড়াঘাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা. সাদিয়া বেগম প্রাথমিক পরীক্ষা করে হেলপার আলামিনকে মৃত বলে ঘোষণা করেন। 

ঘোড়াঘাট থানার ওসি পরিদর্শক মো. শহিদুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ট্রাক ও কার্ভাড ভ্যান দু'টি জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।