শিরোনাম

রাজবাড়ী, ৮ ফেব্রুয়ারি (বাসস): আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করতে রাজবাড়ীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।
এছাড়াও আগামী জাতীয় নির্বাচনে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে ভোটারদের দুটি ব্যালটে ভোট প্রদান পদ্ধতি সম্পর্কে দ্বুদ্ধকররণে জনসচেতনতা বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।
রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সঞ্চালকের দায়িত্বে ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে।
এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রিজভী জামাল, রাজবাড়ীর পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ, সেনাবাহিনীর পক্ষ থেকে আব্দুল্লা আল মারুফ, বিজিবির রাজবাড়ী ক্যাম্পের লে. কর্ণেল মো. আশিকুর রহমান, সিভিল সার্জন এস এম মাসুদ, এনএসআই উপ পরিচালক এ বি এম ফারুক, জেলা আনসারের উপপরিচালক মো. জুয়েল রানাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জনস্বার্থে নিয়মিত তদারকি, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকর ব্যবস্থা বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।
সভায় মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, বাজার মনিটরিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় মতামত ও সুপারিশ প্রদান করেন।