শিরোনাম

নারায়ণগঞ্জ, ৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলা কারাগারে থাকা ৭২ জন বন্দি পোস্টাল ব্যালটে ভোট দেবেন।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার মো. ফেরদৌস মিঞা জানান, জেলা কারাগারের ৯২ জন বন্দি সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল ব্যালটের আবেদন করলেও ব্যালট পৌঁছেছে ৭২টি। বাকি ২০টি ব্যালট পৌঁছালে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তাদের ভোট পরবর্তীতে গ্রহণ করা হবে।
ফেরদৌস মিঞা বলেন, নারায়ণগঞ্জ কারাগারে ১ হাজার ৭৭৩ জন কারাবন্দি আছেন। তাদের মধ্যে ৯২ জন ভোট দেওয়ার জন্য পোস্টাল ব্যালট পেতে নিবন্ধন করেছিলেন। নিবন্ধিতদের মধ্যে ৭২ জনের ব্যালট পৌঁছালেও বাকি ২০ জনের ব্যালট এখনো পৌঁছায়নি। ৭২ জনের মধ্যে সাতজন নারী এবং বাকিরা পুরুষ ভোটার। যাদের ব্যালট পৌঁছেছে তাদের জন্য তিনটি গোপন বুথ স্থাপন করা হয়েছে। দুইটি পুরুষ ভোটারদের জন্য এবং একটি নারীদের। সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ কার্যক্রম চলবে।
তিনি জানান, আগামীকাল জেলা নির্বাচন কমিশন থেকে একটি লিংক পাঠানোর কথা রয়েছে। এটি হাতে পৌঁছালে আগামীকাল থেকে ভোট গ্রহণ শুরু হতে পারে।
ফেরদৌস মিয়া বলেন, এ বছর কারাগারের কর্মকর্তা ও কর্মচারীরাও ভোট দিতে পারবে। আমি আমার ব্যালট এখনো হাতে পাইনি। আশা করছি কারাবন্দিদের বাকি ২০টি ব্যালট আসতে পারে। বাকি ব্যালট পৌঁছালে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক তাদের ভোট গ্রহণ করা হবে।