শিরোনাম

চট্টগ্রাম, ৬ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): নগরীর বহদ্দারহাট এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে তোলা অস্থায়ী দোকানের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
আজ বহদ্দারহাট কাঁচাবাজার মসজিদের সমনে থেকে শুরু করে শাহ আমানত সেতু সংযোগ সড়কের বহদ্দার পুকুরপাড় এলাকা পর্যন্ত এ বিশেষ অভিযান পরিচালিত হয়। চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এতে নেতৃত্ব দেন।
অভিযানকালে সড়ক ও ফুটপাতের অংশ দখল করে অনিয়মভাবে বসানো প্রায় দুই শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এর ফলে দীর্ঘদিনের জটলা নিরসন হয়ে সড়ক ও ফুটপাত পথচারী ও যানবাহন চলাচলের জন্য পুরোপুরি দখলমুক্ত ও স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
উচ্ছেদ অভিযানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট পরিচ্ছন্ন ও এস্টেট শাখার কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও স্থানীয় চান্দগাঁও থানা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে।
জনস্বার্থে ও নগরীর যানজট নিরসনে ফুটপাত পুনর্দখল রোধে চসিকের এ ধরনের পরিচ্ছন্নতা ও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে সংস্থা সূত্রে জানানো হয়েছে।