শিরোনাম

ঢাকা, ৬ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : টেকনাফে ২০ হাজার পিস ইয়াবা ও পাচারের উদ্দেশে বহন করা ঔষধসহ তিন মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
আজ (রোববার) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফ থানার নাইট্যংপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। অভিযানে সন্দেহজনক একটি বসত বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ও মায়ানমারে পাচারের উদ্দেশে বহন করা বিভিন্ন প্রকারের ঔষধসহ দুই জন মায়ানমারের নাগরিককে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ইয়াবার চালান নিয়ে মায়ানমার থেকে নাফ নদী দিয়ে সাঁতার কেটে বাংলাদেশের এ বাড়িতে অবস্থান করে এবং তারা বাড়ির মালিকের নেতৃত্বে ইয়াবাসহ বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ এবং প্রত্যাবর্তনের সময় বাংলাদেশ থেকে মায়ানমারে অবৈধভাবে ঔষধ পাচারের পরিকল্পনা করছিলো।
পরবর্তীতে, আটককৃত ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে বাড়ির মালিক বাংলাদেশি মাদক কারবারিকেও আটক করা হয়। জব্দকৃত ইয়াবা, ঔষধ ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।