শিরোনাম

গাজীপুর, ৬ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): মহানগরীর টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের তিন সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলেন—হাসেম সরকারের ছেলে মেহেদী হাসান জয় (২৫), মুসলিমের ছেলে নয়ন (২০) ও সামসুল আলমের ছেলে রাসেল ওরফে হৃদয় (২১)। এ সময় তাদের কাছ থেকে দুটি স্টিলের সুইচ গিয়ার ও একটি চাকু উদ্ধার করা হয়।
আজ রোববার দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে গাজীপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। গতকাল শনিবার গভীর রাতে টঙ্গী স্টেশন রোড নতুন বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড নতুন বাজার এলাকায় ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন, এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সদস্য পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, ডাকাতির উদ্দেশে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সেখানে জড়ো হয়েছিলেন। ১ নম্বর আসামি মেহেদী হাসান জয়ের বিরুদ্ধে টঙ্গী পূর্ব, পূবাইল, টঙ্গী পশ্চিম ও ঢাকা রেলওয়ে থানায় ৮টি মামলা রয়েছে। এ ছাড়া ৩ নম্বর আসামি রাসেলের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বাসসকে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।