বাসস
  ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৯

পটুয়াখালীতে বজ্রপাতে দুই জেলে নিহত, আহত ৩

পটুয়াখালী, ৬ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): জেলার রাঙ্গাবালীতে বুড়াগৌরাঙ্গ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন জেলে আহত হয়েছেন।

আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার তুফানিয়া ও চরহেয়ারের মধ্যবর্তী বুড়াগৌরাঙ্গ নদীতে জাল ফেলার সময় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন-রাঙ্গাবালী সদর ইউনিয়নের যুগিরহাওলা গ্রামের হাবিব খাঁর ছেলে ইমন খাঁ (২২) এবং একই গ্রামের শহিদুল শিকদারের ছেলে শাকিব শিকদার (২৩)।

স্থানীয় জেলেদের সূত্রে জানা যায়, সুমন খাঁর মালিকানাধীন নামবিহীন একটি ট্রলারে তার ভাই ইমন খাঁসহ পাঁচ জেলে মাছ ধরতে নদীতে যান। বিকেল সাড়ে ৩টার দিকে তারা নদীতে জাল ফেলছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে ট্রলারে থাকা পাঁচজনই আহত হন। পরে গুরুতর আহত ইমন খাঁ ও শাকিব শিকদারের মৃত্যু হয়।

রাঙ্গাবালী সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাইদুল প্যাদা বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত অবস্থায় পাঁচ জেলেকে রাঙ্গাবালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ইমন খাঁ ও শাকিব শিকদারকে মৃত ঘোষণা করা হয়।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বাসসকে জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবহিত হয়েছে। নিহত জেলেদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।