বাসস
  ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৮

কয়রায় ১৪৫ কেজি হরিণের মাংস জব্দ

ছবি : বাসস

খুলনা, ৬ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): জেলার কয়রায় ১৪৫ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। 

উদ্ধারকৃত মাংস আজ রোববার বিকেলে আদালতের নির্দেশে আনুষ্ঠানিকভাবে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। 

এর আগে শনিবার রাতে সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে সুন্দরবনের বোতলখালী খাল এলাকা থেকে এ মাংস উদ্ধার করা হয়।

বন বিভাগের সূত্র জানায়, শনিবার রাতে সুন্দরবনের নলিয়ান ফরেস্ট রেঞ্জ ও হড্ডা টহল ফাঁড়ির যৌথ অভিযানে বোতলখালী খাল এলাকা থেকে ১৪৫ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। অভিযানকালে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলেও পাচারে ব্যবহৃত একটি ডিঙ্গি নৌকা এবং হরিণের মাথা ও পা জব্দ করা হয়।

পরবর্তীতে আজ বিকেল ৪টায় আদালতের নির্দেশে উদ্ধারকৃত মাংস খুলনার কয়রা উপজেলা আদালত চত্বরে আইনানুগ প্রক্রিয়ায় মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

হড্ডা টহল ফাঁড়ির ওসি শাহাদাৎ হোসেন জানান, এ ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের চিহ্নিত করে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অভিযানের বিষয়ে নলিয়ান স্টেশন কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার আল আমিন ইসলাম বাসসকে বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী নিধন ও অবৈধ পাচাররোধে বন বিভাগ সর্বদা তৎপর রয়েছে। বনের সম্পদ রক্ষা ও চোরাচালান বন্ধে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।