শিরোনাম

নেত্রকোণা, ২৮ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার স্বনামধন্য ইংরেজি শিক্ষা কেন্দ্র ‘ইংলিশ কার্নিভাল’-এর উদ্যোগে আজ এসএসসি-২০২৬ পরীক্ষায় ইংরেজি বিষয়ে জিপিএ-৫ (এ-প্লাস) অর্জনকারী ১৫৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে ‘গ্র্যান্ড সেলিব্রেশন’ শীর্ষক এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এবারের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে মোট ১৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫৮ জনই ইংরেজি বিষয়ে ‘এ-প্লাস’ পাওয়ার এক অনন্য ও ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।
সৌমিক শাহরিয়ার অয়নের সুমধুর কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। নেত্রকোণা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ননী গোপাল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইংলিশ কার্নিভালের প্রতিষ্ঠাতা পরিচালক মো. সাব্বির হোসাইন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চল্লিশা মোক্তার হোসেন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলাম, বড়ওয়ারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আকবর এবং ঢাকার তেজগাঁও টিটিসি’র সাবেক প্রশিক্ষক মো. এজলু মিয়া।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ননী গোপাল সরকার শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের জন্য একাগ্রতা, আত্মত্যাগ ও কঠোর পরিশ্রমের তাগিদ দেন। শিক্ষার্থীদের মাঝে জ্ঞান অর্জনের প্রতি তীব্র আকাঙ্ক্ষা সৃষ্টির লক্ষ্যে তিনি গ্রিক দার্শনিক সক্রেটিসের একটি শিক্ষণীয় গল্প তুলে ধরে বলেন, ‘জ্ঞান লাভের জন্য জীবন বাঁচানোর মতো মরণপণ চেষ্টা থাকতে হবে, তবেই প্রকৃত জ্ঞান লাভ সম্ভব।’ পরিশেষে তিনি সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল এবং আলেকজান্ডার দ্য গ্রেটের গুরু-শিষ্য পরম্পরার উদাহরণ টেনে নিরবচ্ছিন্ন শিক্ষা ও একাগ্রতার ধারা বজায় রাখার আহ্বান জানান। ভালো ফলাফলের জন্য পরিচালক সাব্বির হোসাইনের শেখানো টেকনিকের সূত্র ধরে তিনি শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে বলেন, ‘যত পড়বে, তার চেয়েও বেশি লিখবে।’ এ সময় তিনি ইংলিশ কার্নিভালের মহতী এই উদ্যোগ এবং শিক্ষার্থীদের তাক লাগানো ফলাফলের ভূয়সী প্রশংসা করেন।
স্বাগত বক্তব্যে ইংলিশ কার্নিভালের পরিচালক মো. সাব্বির হোসাইন বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর ‘৩০ সেকেন্ডের অটোগ্রাফের পেছনে ৩০ বছরের সাধনা’র গল্পটি তুলে ধরে শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদী অধ্যবসায় ও পরিশ্রমের মূল্য সম্পর্কে সচেতন করেন। সাফল্যের পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, ময়মনসিংহ বোর্ডে যেখানে গড় পাসের হার ৬২ শতাংশ (পাসের হার ৫৭%), সেখানে ইংলিশ কার্নিভালের শিক্ষার্থীদের পাসের হার শতভাগ এবং ‘এ-প্লাস’ প্রাপ্তির হার ৮৫ শতাংশেরও বেশি। তিনি এই অর্জনকে প্রতিষ্ঠানটির বিগত ১০বছরের নিরলস পরিশ্রমের ফসল বলে অভিহিত করেন এবং শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রতিষ্ঠানটিকে সামনে আরও এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করতে গিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা জানান, বছরজুড়ে অক্লান্ত পরিশ্রম, পড়াশোনার চাপ এবং কাঠখড় পোড়ানোর পর আজকের এই দিনটি তাদের কাছে একটি ‘বিটারসুইট’ বা মিশ্র অনুভূতির মতো। সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষে গাজী তাসনিয়া, মিনহা হাসান ও ফাইজা খান জানান, ইংলিশ কার্নিভালের পরিচালক ও শিক্ষক সাব্বির হোসাইন অত্যন্ত আন্তরিকতার সাথে তাঁদের ইংরেজির ভিত্তি শক্ত করতে ও ভালো ফলাফলের জন্য সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। একজন শিক্ষার্থী তার অভিজ্ঞতায় জানায়, টেস্ট পরীক্ষার পর মাত্র ৬মাস এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকেই তার পড়াশোনায় ব্যাপক উন্নতি হয়েছে।
অনুষ্ঠানের শেষাংশে আমন্ত্রিত অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। আয়োজকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ব্যক্তিগত উন্নয়নে ভবিষ্যতে সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।