বাসস
  ২৮ আগস্ট ২০২৬, ১৮:৫৩

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ, ২৮ আগস্ট ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলায় আজ নদীতে গোসল করতে নেমে পাঁচ কন্যা শিশুর মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর চাকলা গ্রামের পাশের একটি মরা নদীতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো- সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা গ্রামের মো. মাসুদের মেয়ে সুমাইয়া (৯) ও আবিদা (৭), নেমাজ উদ্দিনের মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯) এবং শরিফুলের মেয়ে শরীফা (৮)। সম্পর্কে তারা আপন এবং মামাতো, ফুপাতো ও চাচাতো বোন।

স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার দুপুরে কাউকে না জানিয়ে কখন নদীতে গোসল করতে নেমেছিল পাঁচ শিশু সুমাইয়া ও আবিদা, সুমাইয়া ও সুরাইয়া এবং শরীফা। একপর্যায়ে শিশুদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে একপর্যায়ে পার্শ্ববর্তী মরা নদীতে শিশুদের দেখতে পেয়ে স্থানীয়রা পানিতে নেমে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করেন। 

এদিকে, পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবীনগর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য মো. মজিবুর রহমান জানান, চর চাকলা গ্রামের পাশের নদীটি স্থানীয়ভাবে মরা নদী নামে পরিচিত। এটি পদ্মার একটি শাখা নদী। বর্ষা ও বৃষ্টির সময় এ মরা নদীতে পদ্মার পানি ঢুকে। চলতি মৌসুমে নদীটি পানিতে ভরে গেছে। বছরের অন্য সময় এখানে তেমন পানি থাকে না। 

পাঁচ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।