বাসস
  ২৮ আগস্ট ২০২৬, ১৮:৩৫
আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ১৮:৫১

প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে দেশের বিদ্যুৎ ও গ্যাস সংকটের সমাধান করা হচ্ছে: হুইপ দুলু

ছবি: বাসস

নাটোর, ২৮ আগস্ট, ২০২৬ (বাসস) : জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দেশের বিদ্যুৎ ও গ্যাস সংকটের সমাধান করা হচ্ছে। দ্রুত দেশবাসী এর সুফল পাবেন। 

আজ শুক্রবার নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশার কাজিপুরে তাঁর পিতা মরহুম ডা. নাছির উদ্দিন তালুকদারের ৫৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ দুলু এসব কথা বলেন।

হুইপ দুলু বলেন, এমন এক সময় বিএনপি ক্ষমতায় এসেছে যখন কুইক রেন্টালের নামে লুটপাট করে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ দেশ ধ্বংস করে পালিয়ে যাওয়ায় দেশের মানুষকে গ্যাস ও বিদ্যুৎ সমস্যায় পড়তে হয়েছে। পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইরান-আমেরিকা যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়েছে। 

তিনি আরো বলেন, দেশে সার নিয়ে কোন সংকট নেই। ফ্যাসীবাদী সরকারের নিয়োগ দেয়া সার ডিলাররা দেশে সার সংকট সৃষ্টি করে বিএনপি সরকারকে বেকায়দায় ফেলতে চায়। তারা যেন কোন ষড়যন্ত্র করতে না পারে সেজন্য দ্রুত নতুন করে সার ডিলার নিয়োগ দেয়া হবে।

নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন  জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব প্রমুখ।